আসন্ন আইকাও অডিট-২০২৬ সামনে রেখে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। মঙ্গলবার (১০ মার্চ) বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থার সার্বিক প্রস্তুতি পর্যালোচনার লক্ষ্যে তিনি এ পরিদর্শন করেন। এ সময় বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর আসন্ন আইকাও অডিট উপলক্ষে গৃহীত বিভিন্ন কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, অপারেশনাল প্রস্তুতি এবং নিরাপত্তা জোরদারকরণ সংক্রান্ত বিষয়সমূহ সম্পর্কে বিস্তারিতভাবে ব্রিফ করেন।
ব্রিফিংয়ে বিমানবন্দরের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, যাত্রীসেবা উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরা হয়। ব্রিফিং শেষে মোস্তফা মাহমুদ সিদ্দিক বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় তিনি প্রতিরক্ষা প্রাচীর, অ্যারাইভাল ও ডিপারচার এলাকা, ভিওআর (VOR) স্থাপনা এবং বিমানবন্দরের অপারেশনস ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্যক্রম ঘুরে দেখেন। এছাড়াও পরিদর্শনকালে বেবিচক চেয়ারম্যান যাত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিমানবন্দরের সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা জানতে চান। যাত্রীদের মতামত গুরুত্বের সঙ্গে গ্রহণ করে যাত্রীসেবার মান আরও উন্নত করার বিষয়ে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

তিনি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) নির্ধারিত মানদণ্ড ও সুপারিশসমূহ যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মেম্বার (অপারেশনস) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্বুব খান, মেম্বার (সিকিউরিটি) এয়ার কমডোর মো. আসিফ ইকবালসহ বেবিচক এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
শেয়ার করুন :










