২৩৭ রানের লক্ষ্য। তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ৫২ রান তুলে ফেলেছিল খুলনা। কিন্তু কাল সেই খুলনা হোঁচট খেতে খেতে শেষ পর্যন্ত ২ উইকেটে হারাল স্বাগতিক চট্টগ্রামকে। স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান প্রতিরোধ না গড়লে ম্যাচের ফল উল্টো হতে পারত।
খুলনা ১৪৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেললে ব্যাটিংয়ে নামেন মেহেদী। জাতীয় দলের এই অলরাউন্ডার দলকে জিতিয়ে ফেরেন ৫০ রানে অপরাজিত থেকে—মাত্র ৪৯ বলে। তাঁর নামার পর ২০ রান যোগ হতেই ফেরেন প্রথম ইনিংসে ফিফটি পাওয়া জিয়াউর রহমান। এরপর নাহিদুল ইসলামকে নিয়ে অষ্টম উইকেটে ৫৭ রান যোগ করেন মেহেদী। চট্টগ্রামের অফ স্পিনার নাঈম হাসান পেয়েছেন ৫ উইকেট।

ম্যাচসেরা অবশ্য মেহেদী নন, সৌম্য সরকার। প্রথম ইনিংসে ৯২ রান করা ওপেনার দ্বিতীয় ইনিংসে করেছেন ৭১। চট্টগ্রামের দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ১ উইকেটও। তিন ম্যাচে দুটিতে জয় পাওয়া খুলনাই আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে।
শেয়ার করুন :










