আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দায়ের হওয়া হত্যা মামলার আসামি ও স্থানীয় যুবলীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (০৯ জানুয়ারি) রাত ১১টার দিকে পুলিশের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার।এ র আগে রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার পুলিশ কর্মকর্তা হলেন- আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম।

পুলিশ জানায়, রাত ৯টার দিকে এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ও ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারকে গ্রেপ্তার করতে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. মনিরুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। পরে উপস্থিত পুলিশ সদস্যসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় আশুলিয়া নারী ও শিশু হাসাপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার জানান, আমি ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।
এ দিকে, সরকারি কাজে বাধা ও পুলিশ কর্মকর্তার ওপর বর্বরোচিত এ হামলার ঘটনায় জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
শেয়ার করুন :










