আসন সমঝোতা হলেও ১১ দলীয় এই জোটের রাজনৈতিক গুরুত্ব আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১০ দলের শীর্ষ নেতৃবৃন্দের আসন সমঝোতার জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় নাহিদ ইসলাম বলেন, এই জোট নিয়ে জনগণের মধ্যে একটি বড় আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ তা বুঝতে পারছে।
তিনি আরও জোর দিয়ে বলেন, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব এই জোট যেন অটুট থাকে। কোনো বিষয়ে কারও মতানৈক্য থাকলেও জোট গড়ার প্রক্রিয়া থেমে থাকবে না, তা এগিয়ে যাবে।
নির্বাচনী কৌশল সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, সমঝোতা মানেই হলো একে অপরকে পূর্ণ সহযোগিতা করা। এখানে কোনো দলীয় প্রার্থী নয়, বরং ৩০০ আসনেই জোটের একক প্রার্থী দেওয়া হবে। বৃহত্তর স্বার্থে জোট যাকে মনোনীত করবে, শরিক প্রতিটি দল তাকেই সর্বাত্মক সহযোগিতা করবে।

শেয়ার করুন :










