গাজীপুরের কালিয়াকুর এলাকায় বোতলজাত এলপিজি গ্যাসের দামে অর্ধগতিতে লাগামহীন মূল্যবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে একটি গ্যাসের বোতল বিক্রি হচ্ছে প্রায় ২,২০০ টাকা, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার অনেক বাইরে। নিত্যদিনের রান্নার অন্যতম প্রধান জ্বালানি গ্যাসের এমন উচ্চমূল্যে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো।
ভোক্তাদের অভিযোগ, নির্ধারিত দামের তোয়াক্কা না করেই খুচরা পর্যায়ে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করা হচ্ছে। ফলে অনেক পরিবার বাধ্য হয়ে বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে, যা স্বাস্থ্য ও পরিবেশের জন্যও ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শ্রমজীবী ও সীমিত আয়ের মানুষের জন্য এই মূল্যবৃদ্ধি নতুন করে জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে।
এলাকাবাসীর দাবি, বাজারে সরকারের যথাযথ নজরদারি না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নিয়ে ইচ্ছামতো দাম বাড়াচ্ছে। এই অবস্থায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, নিয়মিত বাজার মনিটরিং এবং ন্যায্য মূল্যে গ্যাস সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।

শেয়ার করুন :










