এবারের নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি নির্বাচন কমিশনসহ বিভিন্ন বাহিনীর খোয়া যাওয়া ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)।
বান্দরবানে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেছেন।
সোমবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় তিনি প্রথমে বান্দরবান শহরের বালাঘাটায় পুলিশ লাইনে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণপ্রাপ্তদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। পরে তিনি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় করেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনির সভাপতিত্বে সভায় জেলায় দায়িত্বপ্রাপ্ত প্রশাসনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেন, এবারের নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি নির্বাচন কমিশনসহ বিভিন্ন বাহিনীর খোয়া যাওয়া ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ। এটি আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে। বিগত সময়ে যে বিতর্কিত নির্বাচনগুলো হয়ে গেছে তাতে শুধু নির্বাচন কমিশন কলঙ্কিত হয়নি, প্রতিটি প্রতিষ্ঠানই কলঙ্কিত হয়েছে।
তিনি বলেন, নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু থাকলে নির্বাচন সুষ্ঠু হয়। আইনশৃঙ্খলা রক্ষায় যারা কাজ করে তাদের মূলেই হলো পুলিশ। কারণ আপনারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছেন, আপনাদের গোয়েন্দা তথ্য-উপাত্তসহ আপনাদের মাধ্যমেই অন্যান্য বাহিনীর কাজ করতে হবে। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যাতে নির্বাচন কোনোভাবেই বিঘ্নিত, নষ্ট এবং বিতর্কিত না হয়। আমাদের সবার দায়িত্ব হলো সৎ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা।
শেয়ার করুন :










