ঢাকা-১৮ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব তার নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম জানিয়েছেন। অন্যথায় উত্তরা অবরোধের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এর আগে, এদিন সকালে রাজধানীর খিলক্ষেতে ডুমনি এলাকার একটি মাদ্রাসায় আদিবের নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার ঘটনা ঘটে। এক ফেসবুক পোস্টের মাধ্যমে ঘটনার ভিডিও শেয়ার করে আরিফুল ইসলাম আবিদ জানান, এ হামলায় তার দলের অন্তত দুইজন আহত হয়েছেন। একইসঙ্গে স্থানীয় বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেন আবিদ।
অপরদিকে এ ঘটনায় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ঢাকা-১৮ বিএনপি মনোনীত প্রার্থী এসএম জাহাঙ্গীর। হামলার ঘটনার সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। পরে এক সংবাদ সম্মেলনে আদিব বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিএনপির পক্ষ থেকে হামলাকারীর বিরুদ্ধে দৃষ্টান্ত ব্যবস্থা নিতে হবে, তাকে বহিষ্কার করতে হবে, অন্যথায় আমরা উত্তরা অবরোধ কর্মসূচি ডাক দিব।

শেয়ার করুন :










