বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানী ঢাকাসহ জেলায় জেলায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন।
বিভিন্ন এলাকা থেকে প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে বিস্তারিত-
বগুড়া

বুধবার বিকেল সাড়ে ৩টায় মরহুমা বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় অনেকে কান্নায় ভেঙে পড়েন। জানাজা শেষে হাজার হাজার মুসল্লি দু-হাত তুলে বেগম খালেদা জিয়া আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
সিলেট
সিলেটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খালেদা জিয়ার গায়েবানা জানাজায় অংশ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও এ গায়েবানা জানাজায় অংশ নেন।
রাঙ্গামাটি
রাঙ্গামাটিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত জানাজার সঙ্গে রাঙ্গামাটি মানুষও জানাজায় অংশ নেন। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকায় অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার জানাজার সম্প্রচার করা এলইডি টিভির মাধ্যমে রাঙ্গামাটিতে দেখানো হয়। অর্থাৎ টিভিতে সম্প্রচার করা জানাজার সঙ্গে রাঙ্গামাটিতেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে অংশ নেন দলটির নেতাকর্মীরাসহ সাধারণ মানুষ।
ময়মনসিংহ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বুধবার ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে দুপুর ২টা ৩০ মিনিটে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন মাওলানা নাহিদুল ইসলাম। জানাজায় বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
রংপুর
বুধবার বাদ যোহর রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হযেছে। এতে ইমামতি করেন নজিরহাট বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. হামিদুল ইসলাম। অংশ নেন, মহানগর বিএনপির অন্যতম সদস্য কাওছার জামান বাবলা, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের ২ হাজারের বেশি নেতাকর্মী। ঢাকায় জানাজার নামাজে অংশ নিতে না পারা নেতাকর্মীরা রংপুরে গায়েবানা জানাজার ব্যবস্থা করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
রাজবাড়ী
বুধবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ মাঠে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। গায়েবানা জানাজায় সবস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তার অবদানের কথা স্মরণ করেন।
পঞ্চগড়
সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড়ের বোদা উপজেলায়। বুধবার বাদ যোহর বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বোদা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজায় সবস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
চাঁদপুর:
দুপুরে চাঁদপুর শহরের আসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটে। এতে বিএনপির পাশাপাশি জামায়াত, এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারাও অংশ নেন।
কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচারিত জানাজার সঙ্গে বিএনপি নেতাকর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। জানাজায় উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি মো. মনির উদ্দিন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পলাশ রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা।
চবি:
দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রশাসনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।
শেয়ার করুন :










