ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ভোট দিয়েছেন। এটিই ছিল তার জীবনের প্রথম ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে তিনি গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে ভোট দেন। ভোট দেওয়া শেষে কেন্দ্রের পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। নুরুল হক নুর বলেন, ৩৩ বছর বয়সে জাতীয় নির্বাচনে জীবনে এই প্রথম ভোট দিলাম, তাও আবার নিজেই একজন প্রার্থী হিসেবে।
আজ প্রথমবার ভোট দিতে পেরে সত্যিই ভালো লাগছে। দীর্ঘদিন পর দেশের মানুষ একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে—এটাই বড় অর্জন। আশা করি, দিনশেষে জনগণের রায়ই প্রতিফলিত হবে। এদিকে পটুয়াখালীর চারটি সংসদীয় আসনে একযোগে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। পুরো জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলার চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৯ হাজার ৫৮৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৬১ হাজার ৯৮৬ জন, নারী ভোটার ৭ লাখ ৪৭ হাজার ৫৮৫ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১৮ জন। জেলায় মোট ৫১৩টি স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে স্থায়ী ভোটকক্ষ ২ হাজার ৮৯০টি এবং অস্থায়ী ভোটকক্ষ ২৪৬টি। সব মিলিয়ে জেলার মোট ভোটকক্ষের সংখ্যা ৩ হাজার ১৩৬টি। জেলার ৮টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৭৭টি ইউনিয়নে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম চলছে।











