শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

কুয়াকাটায় দোকানে হামলা-ভাঙচুর, স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর কুয়াকাটায় স্বেচ্ছাসেবক দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে একটি দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় ক্যাশবাক্স থেকে ২২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন দোকানমালিক।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কুয়াকাটা পর্যটনকেন্দ্রের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত দোকান ‘তানিসা আচার ঘর’-এর মালিক মনিরুল হাওলাদার এ ঘটনায় মহিপুর থানা-য় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে কুয়াকাটার হুইসেন পাড়া এলাকার মাকসুদ আকন, শাহীন মুসল্লী, আবদুর রহিমসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। তারা কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি।

মনিরুল হাওলাদার জানান, চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে দোকানে ঢুকে ভাঙচুর চালায় এবং দোকানের কর্মচারী হাসানকে মারধর করে। একপর্যায়ে মাকসুদ আকন দোকানের ভেতরে ঢুকে গালাগাল করেন এবং ক্যাশবাক্স থেকে ২২ হাজার টাকা নিয়ে যান। বিষয়টি তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনার প্রধান অভিযুক্ত ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সদস্য মো. মাকসুদ আকনকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। প্রধান অভিযুক্ত পুলিশ হেফাজতে থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে অভিযুক্তের চাচাতো ভাই মামুন আকন বলেন,“দোকানের জমি নিয়ে আমার চাচাতো ভাই মাকসুদের সঙ্গে দ্বন্দ্ব ছিল। সে বিভিন্ন জায়গা থেকে কিস্তিতে টাকা এনে জমির চুক্তির জন্য লক্ষ লক্ষ টাকা দিয়েছে। এতদিন সে কষ্ট করে সেই টাকা পরিশোধ করছিল। কিন্তু চুক্তি নেওয়া সত্ত্বেও মালিকানা না পাওয়ায় সে ক্ষুব্ধ হয়। সে চাঁদা দাবি করেনি, শুধু দোকান ছাড়তে বলেছিল। এখন তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের বংশে কেউ কখনো কোনো অপরাধে থানায় যায়নি। আমরা বিষয়টির আইনি সমাধান চাই।”

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান ঢাকা পোস্টকে বলেন,“প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ আমাদের কাছে রয়েছে বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন, অভিযুক্তরা স্বেচ্ছাসেবক দলের কর্মী-সমর্থক হলেও তাদের কোনো সাংগঠনিক পদ নেই। দোকানের মালিকানা নিয়ে বিরোধ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কারও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

মাতৃভাষা দিবস উপলক্ষে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি আছে: র‍্যাব মহাপরিচালক

মাতৃভাষা দিবস উপলক্ষে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি আছে: র‍্যাব মহাপরিচালক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই, তবে সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক এ কে এম...

শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে: অর্থমন্ত্রী

শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীতে দেশের শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে...

Ad For Sangbad mohona