আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই, তবে সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও দেশব্যাপী র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
র্যাব মহাপরিচালক বলেন, ২১ ফেব্রুয়ারিকে ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ও দেশব্যাপী আয়োজন নির্বিঘ্ন করতে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে। পুরো এলাকা ৬৪ ক্যামেরার মাধ্যমে সিসিটিভি দিয়ে পর্যবেক্ষণ করা হবে। আশা করি, নিরাপত্তার সঙ্গে নিরাপদে সবাই শ্রদ্ধা নিবেদন করতে পারবে।

এছাড়া লিখিত বিবৃতিতে র্যাব জানায়, অগ্রিম নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ঢাকাস্থ ব্যাটালিয়নের তত্ত্বাবধানে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবজারভেশন পোস্ট, ওয়াচ টাওয়ার ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগরসহ অন্যান্য মেট্রোপলিটন এলাকা, বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ের শহীদ মিনার, শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় নজরদারি জোরদার করা হয়েছে।
শহীদ মিনার এলাকার নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে র্যাবের বম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রয়োজনীয় সুইপিং কার্যক্রম পরিচালনা করবে। যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় র্যাবের স্পেশাল ফোর্স প্রস্তুত থাকবে। নিষিদ্ধ ঘোষিত দল বা সংগঠনের সদস্যরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও তৎপরতা জোরদার করা হয়েছে।
শেয়ার করুন :










